শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুঁতবাগান সংলগ্ন শেরপুর রোড এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্জু বেগম (৩২) নামে এক নারী তুঁতবাগানের পাশে ময়লা কুড়ানোর সময় একটি শপিংব্যাগ দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পথচারীদের জানালে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই নিয়ামান নাছির জানান, উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শিশুটির পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন